ইরান ‘পাভেহ’ নামের নতুন আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। গত শুক্রবার ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটির চৌকস বিপ্লবী গার্ড। বাহিনীটির এক শীর্ষ কমান্ডার জানিয়েছেন, যে নতুন ক্ষেপণাস্ত্রটি তারা তৈরি করেছেন সেটি ১ হাজার ৬৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে পশ্চিমাদের আতঙ্ক আরও বাড়বে। নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের পরই বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্সের প্রধান আমিরআলি হাজিজাদেহ জানিয়েছেন, এখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছেন তারা। মূলত বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে দীর্ঘদিন ধরে ট্রাম্পের ওপর হামলা চালানোর উপায় খুঁজছে তেহরান। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তাকে হত্যার পরই কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরান। ইরানের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে হাজিজাদেহ বলেন, ‘খোদর কসম, আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। পম্পেও (যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী) এবং সামরিক বাহিনীর যে কমান্ডাররা সোলেইমানিকে হত্যার আদেশ দিয়েছিলেন তাদেরও হত্যা করা উচিত।’ সোলাইমানিকে হত্যার প্রথম প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান।
×
