স্মার্ট ক্রীড়াবিদ তৈরিতে কাজ করছে সরকার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে তার সরকার স্মার্ট অ্যাথলেট তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আমাদের পরবর্তী টার্গেট হলো দেশকে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা, যা স্মার্ট ক্রীড়াবিদ তৈরি করতে সাহায্য করবে এবং এভাবে আমরা যেকোনো আন্তর্জাতিক খেলাধুলায় অংশ নেওয়ার মান অর্জন করতে পারব।’

গতরাতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, যুব গেমস ক্রীড়া অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে এবং তারকা খেলোয়াড় তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’ তিনি বলেন, তার সরকার ক্রীড়া অঙ্গনে শ্রেষ্ঠত্ব বাড়ানোর পাশাপাশি দেশের আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তরুরা যুব গেমসে অংশ নিয়ে বিভিন্ন খেলাধুলায় তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং এভাবে নবীন ও শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে। যুব গেমসে অংশগ্রহণকারী সবার মঙ্গল কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই খেলাধুলার মধ্য দিয়ে এগিয়ে যাক বাংলাদেশ। ২০৪১-এর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ ও মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও বক্তব্য রাখেন।

এর আগে অ্যাথলেটদের শপথবাক্য পাঠ করান ১৪ বারের দ্রততম মানবী স্প্রিন্টার শিরিন আক্তার। মশাল প্রজ¦ালন করেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটারে স্বর্ণজয়ী ইমরানুর রহমান ও এসএ গেমসের স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার প্রিয়া।

৬০ হাজার অংশগ্রহণকারী নিয়ে শুরু হওয়া তিন পর্বের যুব গেমসের চূড়ান্ত পর্যায়ে বাস্কেটবল, ফুটবল, হকি, কাবাডি, অ্যাথলেটিকস, সাইকেলিং ও ভারোত্তোলনসহ ২৪টি ডিসিপ্লিনে চার হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। ২৪টি ডিসিপ্লিনের ১৯৩টি স্বর্ণ, ১৯৩ রৌপ্য ও ২৮৭ ব্রোঞ্জের জন্য লড়বেন প্রতিযোগীরা।

গতকাল উদ্বোধন হলেও কিছু ইভেন্টের খেলা শুরু হয়েছে আগের দিন। বয়সভিক্তিক পর্যায়ে প্রায়ই সাফল্যের দেখা পাওয়া মনন রেজা নীড় যুব গেমসেও দাবা ডিসিপ্লিনে উদ্বোধনী দিনে জিতলেন সেরার মুকুট। মেয়েদের বিভাগে সেরা হন নুসরাত জাহান আলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত