দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শুন্যের কোটায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, দেশের মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছে না। কারণ উৎসবের নির্বাচন এখন আতঙ্ক হয়ে পড়েছে।
গতকাল বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয়ের মিলনায়তনে জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় জিএম কাদের বলেন, ‘ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসনের কর্তারাও নিরপেক্ষ থাকে না নির্বাচনে। আবার ক্ষমতাসীনদের পেশিশক্তির কারণে নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষ। ফলে নির্বাচনে খুব নগণ্যসংখ্যক ভোটার উপস্থিত হচ্ছে। তাই নির্বাচনে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশের সাধারণ মানুষ হচ্ছে দেশের মালিক। দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কারা দেশ পরিচালনা করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ তাকিয়ে আছে।’
জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের প্রধান সমন্বয়কারী ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় জাপার যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
