প্রথমবারের মতো দুই নারী বিধায়ক পেল নাগাল্যান্ড

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১১:০০ পিএম

সদ্য সমাপ্ত নির্বাচনে নাগাল্যান্ডের বিধান সভায় ক্ষমতায় এনডিপিপি-বিজেপি জোট। তবে এ ফলাফলকে ছাপিয়ে ইতিহাস গড়ল নাগাল্যান্ড। ১৯৬৩ সালে প্রতিষ্ঠা হয়েছিল নাগাল্যান্ড রাজ্যের। তারপর থেকে এই প্রথমবার কোনো নারী বিধায়ক পেল উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। একসঙ্গে জয়ী হলেন জোড়া মহিলা সাংসদহেকানি জাখালু এবং সালহাউতুওনুও ক্রুস। দুজনেই শাসক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পিপলস পার্টি বা এনডিপিপির সদস্য। জাখালু জয়ী হলেন ডিমাপুর-৩ আসন থেকে আর সালহাউতুওনুও ক্রুস পশ্চিম আঙ্গামি আসন থেকে।  

৪৮ বছর বয়সী হেকানি জাখালু দিল্লির লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকো থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন। সেখান থেকে ফিরে দিল্লির একটি আইনবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেন। পরে ২০০৫ সালে নাগাল্যান্ডে ফিরে উন্নয়নকর্মী হিসেবে কাজ করেন। সেখানে তরুণদের ক্ষমতায়নের জন্য ইয়ুথনেট নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তবে কাজের ব্যস্ততায় পড়াশোনা ছাড়েননি হেকানি। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম থেকে একটি কোর্স করেন তিনি। অন্যদিকে, এনডিপিপি প্রার্থী ৫৬ বছরের সালহাউতুওনুও ক্রুস একজন স্থানীয় হোটেল মালিক। সেইসঙ্গে সমাজকর্মীও বটে। গত ২৪ বছর ধরে তিনি বিভিন্ন এনজিও এবং সুশীল সমাজ সংস্থার সঙ্গে জড়িত।

এই নিয়ে ১৫তম বিধানসভা নির্বাচন হল। রাজ্যের নিবন্ধিত ভোটারদের প্রায় অর্ধেক, ৪৯.৭৯ শতাংশই নারী। অথচ এতদিন পর্যন্ত উত্তর-পূর্বের এই রাজ্য একজনও নারী বিধায়ক পায়নি। এবারও মোট ১৮৪ জন প্রার্থীর মধ্যে মাত্র ৪ জন ছিলেন নারী। হেকানি জাখালু এবং সালহাউতুওনুও ক্রুস ছাড়া আতোইজু কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন কাহুলি সেমা এবং ট্রেনিং আসনে কংগ্রেস টিকিট দিয়েছিল রোজি থমসনকে। কাহুলি সেমা ছিলেন রাজ্যের পূর্ত বিভাগের একজন চিফ ইঞ্জিনিয়ার। সুমি সম্প্রদায় থেকে প্রথম এবং নাগাদের মধ্যে দ্বিতীয় মহিলা হিসেবে এই পদে বসেছিলেন তিনি। ৫৭ বছর বয়সে স্বেচ্ছাবসর নিয়ে তিনি রাজনীতিতে পা রাখেন। কংগ্রেসের রোজি থমসন অবশ্য গত শতাব্দীর আটের দশক থেকেই তিনি সক্রিয় রাজনৈতিক কর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত