ঢাকা-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:০৯ এএম

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ সংঘর্ষ শুরু হয়। পরে আড়াইটার দিকে পুলিশ এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের হস্তক্ষেপে দুপক্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

আহতদের মধ্যে ঢাকা কলেজে তিন শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন এইচএসসি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছালিম, গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরিফ ও বাণিজ্য বিভাগের ছাত্র রিমেল। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, দুজনের মাথায় সামান্য আঘাত রয়েছে। চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আহত অন্যরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় গ্রিনরোডে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল ছুড়তে থাকেন।

ডিএমপির রমনা বিভাগের (নিউমার্কেট-ধানম-ি জোন) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল। গত বুধবার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। ঢাকা কলেজের সামনে পেয়ে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের দুই শিক্ষার্থীকে মারধর করা হয়। এ ঘটনার জেরে গতকাল ঢাকা কলেজের একটি বাসে ঢিল ছুড়েছিল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে উত্তেজিত শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত