­ডেপুটি স্পিকার বললেন

প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১২:৪৪ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, প্রতিটি রাজনৈতিক দলের উচিত আগামী নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করা।’

শুক্রবার বিকেলে সাভারের বলিয়ারপুরের যমুনা ন্যাচারাল পার্কে ঢাকাস্থ সাঁথিয়া উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মিলনমেলা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলের ঘোষণা পত্রেই আছে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণের সেবা করা। যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে না আসে, সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই।’

বর্তমান নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে করে কোনো সন্দেহ নেই। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত