নিখোঁজ তরুণদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নিখোঁজ হচ্ছে। থানাগুলোতে সাধারণ ডায়েরি করার ঘটনাও বাড়ছে। এরই মধ্যে বান্দরবানে ‘কেএনএফ’-এর সদস্যদের গুলিতে সেনাকর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে একটি জরুরি বৈঠকেও নিখোঁজ তরুণদের নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), ইউনিটপ্রধান ও পুলিশ সুপারদের বিশেষ দিক নির্দেশনার পাশাপাশি বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, সারা দেশে নিখোঁজের ঘটনা বেড়েছে। আজ (গতকাল) পুলিশ সদর দপ্তরে রমজানে দ্রব্যমূল্য নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে অতিরিক্ত আইজিপি (অপারেশন) সভাপতিত্ব করেন। ওই বৈঠকে বান্দরবানে সেনাকর্মকর্তা নিহতের ঘটনা নিয়ে আলোচনা হয়। নিখোঁজ তরুণদের খুঁজে বের করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বড় ধরনের একটি বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এখনো তরুণদের নিখোঁজ হওয়ার তথ্য আসছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘এ নিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি। একটি চক্র ওই সব তরুণকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে।’ তিনি আরও বলেন, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা থেকে ৮ তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। ওই ঘটনায় তাদের পরিবার কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব নিখোঁজদের উদ্ধারে নজরদারি বৃদ্ধি করে। এর পরই ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের নতুন জঙ্গি সংগঠনের তথ্য পাওয়া যায়। সংগঠনটির সদস্যরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছে বলে তারা তথ্য পান।
পুলিশ সূত্র জানায়, দিনাজপুরের ঘোড়াঘাট শ্রীচন্দ্রপুর গ্রামের মো. মনিরুল ইসলাম ৯ মার্চ বাসা থেকে বের হয়ে যান। সাভারের বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে রেখে যান তার ব্যবহৃত মোবাইল ফোন। এর আগে তিনি ইসলামি চারটি বই কিনে পড়েন। এ ঘটনায় তার স্ত্রী সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের ধারণা, তিনি হয়তো ধর্মান্ধ হয়ে ঘরছাড়া হয়েছেন।
এ ঘটনার আগে দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত শতাধিক যুবকের নিখোঁজের তথ্য পেয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তাদের মধ্যে কেউ কেউ বাড়ি ফিরে এসেছেন। আবার অনেকের সন্ধানই পাওয়া যাচ্ছে না। তারা ধর্মান্ধ হয়ে ঘর ছাড়েন বলে পুলিশ ও র্যাবের তদন্তে বেরিয়ে এসেছে। বিভিন্ন পর্যায়ের নেতাসহ পাহাড়ে অবস্থানরত ৫৯ জন এবং প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে জঙ্গিদের সহায়তার জন্য পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফের ১৭ জন নেতা ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
নিখোঁজ মো. মনিরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন পুলিশকে জানান, নিখোঁজের কয়েক দিন আগে থেকে তার মধ্যে একধরনের পরিবর্তন দেখা যায়। তিনি ইসলামের বিষয়ে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের (রাহিমাহুল্লাহ) লেখা ৪টি বই বাসায় আনেন। বইগুলো পড়ার পর মোবাইলে ফোন এলেও তিনি আলাদা রুমে গিয়ে কথা বলতেন। এরপর বেশ কিছু সময়ের জন্য বাইরে চলে যেতেন।
গত ৩০ জানুয়ারি জয়পুরহাটের মশিউর রহমান মঞ্জু ঢাকার পল্লবী থেকে নিখোঁজ হন। পল্লবী থানায় জিডি করার পর পুলিশ তদন্ত করে তার সর্বশেষ অবস্থান পেয়েছে কক্সবাজারে। এরপর আর খোঁজ নেই। ২৭ জানুয়ারি বিকেলে রাজধানীর ওয়ারী থানার ভজহরি সাহা স্ট্রিটের নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মো. সাহিদ খান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত রাজধানীর থানাগুলোতে ৫ হাজার ৯৩৭টি নিখোঁজের জিডি হয়েছে। সবচেয়ে বেশি জিডি হয়েছে ডিএমপির মিরপুর বিভাগে। এই বিভাগের আট থানায় এক বছরে ১ হাজার ৪৪৪ জন নিখোঁজ হয়েছে। সবচেয়ে কম নিখোঁজ রমনা বিভাগে। এই বিভাগের ছয়টি থানায় এক বছরে ২৫৬ জন নিখোঁজ হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন দেশ রূপান্তরকে জানান, এ পর্যন্ত বিভিন্ন সংগঠনের প্রায় ৩ হাজার এবং হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে প্রায় ২ হাজার জঙ্গিকে আইনের আওতায় আনা হয়েছে। যখনই জঙ্গিরা মাথাচাড়া দিয়েছে, তখনই র্যাব সাঁড়াশি অভিযানের মাধ্যমে জঙ্গিদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। জঙ্গিবাদবিরোধী জনমত গড়তে এবং জনসম্পৃক্ততা অর্জনেও র্যাব ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও র্যাবের দুই কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, নতুন জঙ্গিগোষ্ঠী ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ ধরা পড়ার পর জানিয়েছেন, তাদের সবচেয়ে বেশি সহায়তা করেছেন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথামবম। তারা পাহাড়ে আশ্রয়, অস্ত্র ও রশদ সরবরাহ এবং সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী।
