জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল (১৭ মার্চ শুক্রবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধন এবং জাতীয় শিশু সমাবেশ ও তিন দিনব্যাপী বইমেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, কাল শুক্রবার সকালে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছাবেন। এরপর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনীর সদস্যরা গার্ড অব অনার দেবেন। শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ছেড়ে যাবেন। রাষ্ট্রপতিকে বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
তারা জানান, সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর জন্মদিন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
