উপদেশ অধিকাংশ ক্ষেত্রে ভালো, তবে কখনো কখনো তা বিরক্তিকর মনে হতে পারে, এমনকি তা শ্রোতার মন খারাপের কারণও হয়ে ওঠে। হতে পারে আপনি কাছের কাউকে উপদেশ দিচ্ছেন, কারণ আপনার মনে হচ্ছে; এমন কিছু ঘটছে যা ভুল এবং এর বিরুদ্ধে কিছু বলা কর্তব্য। যদি আপনার উদ্দেশে অহমিকা না থাকে, সত্যিই মানুষটিকে সাহায্য করার প্রয়াস থাকে; তবে সতর্কতার সঙ্গে গোপনীয়ভাবে তাকে উপদেশ দিন। অনেক মুসলমানই এ জায়গাটিতে অস্বস্তিবোধ করবে। ক্ষেত্রবিশেষে দেখা যায়, অনেকেই অন্য অনেক লোকের সামনে একজনের নেওয়া কোনো সিদ্ধান্তের সমালোচনা করছে। এমন আচরণ অশোভনীয়, এটা গোনাহগার হওয়ার কারণ। ইসলাম কখনো কোনোভাবে ভিন্নরূপে হলেও এমন আচরণ সমর্থন করে না। ‘বিশ্বাসীরা তাদের ভাইয়ের দোষ গোপন রাখে, আর গোপনে তাদের উপদেশ দেয় আর পাপীরা তো মানুষের দোষ খুঁজে বেড়ায় আর লজ্জা দেয়।’ জামেউল হিকাম : ১/২৩৬
সুন্দর এবং ভদ্রভাবে কথা উপস্থাপন করুন। যখন আপনি নিজেই হতাশ অথবা রাগান্বিত তখন কাউকে উপদেশ না দেওয়াই ভালো। যাকে উপদেশ দিচ্ছেন, তার ব্যাপারে ধৈর্যশীল হোন। ধৈর্য এক্ষেত্রে একান্ত প্রয়োজনীয়। যাকে পরামর্শ দিচ্ছেন সে হয়তো একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আর আপনি এর মধ্যে নতুন আরেকটি ব্যাপার নিয়ে এলেন; যা তার মনকে আরও ছোট করে দিতে পারে। অথবা হতে পারে, সে এই মুহূর্তে উপদেশ মেনে চলার জন্য প্রস্তুত নয়। তাই মতামত দেওয়ার পর, ব্যাপারটি তার ওপর ছেড়ে দিন। ধীরে ধীরে সে হয়তো আপনার কথাগুলো নিয়ে ভাববে এবং নিজের মধ্যে একটি পরিবর্তন আনার চেষ্টা করবে।
গোপনীয়তা রক্ষা করুন এবং ব্যাপারটি নিয়ে অন্য কারও সঙ্গে আলোচনা করবেন না। এই বিষয়টি উল্লেখ না করলেও হতো, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো ব্যাপারই শেষ পর্যন্ত গোপন থাকে না। অনেক সময় অন্যের কাছে পরামর্শ চাইতে দ্বিধাবোধের অন্যতম কারণ হলো, আলোচনাটা অন্য কারও কাছে কোনোভাবে পৌঁছে যেতে পারে এই ভয়।
কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টার আগে আপনার যুক্তিগুলো সরাসরি তুলে ধরুন। কখনো অনুমান নির্ভর কোনো কথা বলবেন না এবং যে বিষয়ে আপনার ধারণা নেই সে বিষয়ে উপদেশ দেবেন না।
সময় বুঝে কথা বলুন। সাধারণত দেখা যায়, কেউ যখন কাউকে কোনো উপদেশ দেয়, তখন বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়; এমন অনেক অপ্রয়োজনীয় কথা বলে। আমাদের উচিত, নিজের যুক্তিগুলোকে সবচেয়ে গ্রহণযোগ্যভাবে তুলে ধরা।
যে ব্যাপারে উপদেশ দিচ্ছেন, তা আগে নিজে অনুশীলন করুন। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা কীভাবে মানুষকে সৎকর্মের ব্যাপারে নির্দেশ দাও, আর নিজেদের ব্যাপারে ভুলে যাও। অথচ তোমরা তো কিতাব পাঠ করো। তবুও কি তোমরা চিন্তা করো না?’ সুরা আল বাকারা : ৪৪
