জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরসহ সারা দেশে সব ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর তৎকালীন বিডিআরের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ ও ‘অসমাপ্ত মহাকাব্য’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পিলখানার সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এ সময় তিনি বলেন, আজ বাঙালি জাতির জন্য একটা বিশেষ দিন। জাতির পিতার জন্ম না হলে হয়তো এখনো আমরা পরাধীনতার শেকলে বন্দি থেকে যেতাম।
দিবসটি উপলক্ষে গতকাল বাদ জুম্মা পিলখানার কেন্দ্রীয় মসজিদসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। সদর দপ্তর বিজিবি, পিলখানার গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা এবং সারা দেশে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে ব্যানার, ফেস্টুন এবং পতাকা দ্বারা সজ্জিতসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
