নীলফামারীর নাগরিক সংবর্ধনা কমিটির একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌস ও অপু বিশ্বাস। একই মঞ্চে গান গাইবেন দেশের বিখ্যাত ব্যান্ড লালনের শিল্পীরা ও ইমরান মাহমুদ।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় জেলার বড়মাঠে পারফমান্স করবেন তারা।
এর আগে, ওই মঞ্চে নীলফামারী পৌরসভায় ৬ বার মেয়র নির্বাচিত ও পুনরায় বাংলাদেশ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আয়োজক কমিটির একাধিক সূত্র জানায়, সকাল ১০টার ফ্লাইটে সৈয়দপুরে নামবেন অপু- ফেরদৌসসহ বাকি শিল্পীরা। এরপর জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর সন্ধ্যায় কনসার্টে অংশ নিবেন তারা। সকালে তাদের নাগরিক সংবর্ধনা কমিটির পক্ষ থেকে এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।
শহরের উকিলের মোড়ের চা দোকানি ফখরুল ইসলাম বলেন, অপু বিশ্বাস এর আগেও আসছিলেন। কিন্তু ফেরদৌস আসেন নাই। বিকেলে দোকান বন্ধ করে সেখানে যাব। আগে টিভিতে সিনেমায় দেখছি এবার সরাসরি ফেরদৌসকে দেখব।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট একেএমডি জোনাব আলী বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকালে শিল্পীদের রিসিভ করা হবে।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
