রমজান উপলক্ষে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১০:৩২ পিএম

আসছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজান। এ মাসে সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখতে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে বৈঠক আয়োজন করেছে মিসর। মিসরের শার্ম আল-শেখ গতকাল রবিবারের ওই বৈঠকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও জর্ডান। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে একটি সম্মেলন শেষে পাঁচ পক্ষের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ বৈঠকের লক্ষ্য ‘ফিলিস্তিনি ও ইসরায়েলি পক্ষের মধ্যে সংলাপকে সমর্থন করার জন্য একতরফা কার্যক্রম ও উত্তেজনা বন্ধ করতে এবং বিদ্যমান সহিংসতার চক্র ভেঙে শান্তি অর্জন করতে কাজ করে যাওয়া।’ জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা মিলে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ফিলিস্তিনিরা। যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু তাদের স্বপ্নপূরণের পথে বড় বাধা ইসরায়েলের কট্টর ইহুদিবাদী চিন্তা। ইসরায়েল জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাজধানী করতে চায়। তাই তারা অধিকৃত ভূমি ছাড়তে নারাজ। বরং সেখানে ইহুদি বসতি স্থাপন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বছরের পর বছর ধরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত