গৌতম আদানির বাণিজ্যিক সাম্রাজ্য টালমাটাল করে দেওয়া হিনডেনবার্গ রিসার্চ আরও একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের এবারের নিশানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা ব্লক ইনকরপোরেটেড। গত বৃহস্পতিবার মোবাইল পেমেন্ট সম্পর্কিত সংস্থাটির বিষয়ে তথ্য জালিয়াতির অভিযোগ তোলে হিনডেনবার্গ। আর তার পর থেকেই ভরাডুবি শুরু হয়েছে এর সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির। যিনি টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক নির্বাহী প্রধান হিসেবে বেশি পরিচিত। প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ৫২ কোটি ৬০ লাখ ডলারের সম্পদ হারিয়েছেন ব্লকের প্রধান নির্বাহী (সিইও)। গত বছরের মে মাসের পর থেকে এত বড় আর্থিক ক্ষতির মুখে আর পড়েননি ডরসি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, ১১ শতাংশ কমে যাওয়ার পর ডরসির বর্তমান সম্পদের মূল্যমান দাঁড়িয়েছে ৪৪০ কোটি ডলার। হিনডেনবার্গের নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডরসির ব্লক ইনকরপোরেটেড ব্যবহারকারীদের তথ্য বাড়িয়ে দেখিয়েছে। এভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। এ ছাড়া সন্দেহজনক ব্যবহারকারীদের তথ্য গোপন করেছে। গবেষণা সংস্থাটি বলছে, ব্লকের সাবেক কর্মচারীদের যত অ্যাকাউন্ট তারা পর্যালোচনা করেছে, তার মধ্যে ৪০ থেকে ৭৫ শতাংশই ভুয়া অথবা জালিয়াতির সঙ্গে জড়িত।
×
