ডাকাতি করতে এসে কলেজছাত্রকে হত্যা, আটক ৫

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০২:৫৫ পিএম

গাজীপুরে ডাকাতি করতে এসে কলেজছাত্রকে হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান তার দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ত্রিশাল থানার পোড়াবাড়ী এলাকা আব্দুর সালামের ছেলে আবু তাহের (২৯), গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার সামরুদ্দিনের ছেলে মো. মফিজউদ্দিন ওরফে মফু (৩৭), উত্তর সালনা পালোয়ানপাড়া এলাকার নূরুল ইসলাম পালোয়ানের ছেলে মো. খোকন মিয়া (২৭), দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকার মো. হাবিবুল্লার ছেলে মো. আজিজুল হাকিম (২৮) ও দক্ষিণ সালনা মোল্লাপাড়া কলেজ মাঠ এলাকার মৃত আ. হাকিমের ছেলে মো. আব্দুল মালেক (৩২)।

মোহাম্মদ ইব্রাহিম জানান, গত ১৩ মার্চ রাত আনুমানিক সোয়াবারটার দিকে সদর থানাধীন দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকায় একটি বাড়ির দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৬-৭ জনের একদল ডাকাত। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রেরমু খে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে তারা কলেজছাত্র মাহিউস সুনান চৌধুরীর (১৯) শয়নকক্ষে ঢুকে অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে তার হাত, পা বাঁধাসহ গলায় চাদরের টুকরা পেঁচিয়ে বেঁধে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘরে থাকা নগদ ২৫ হাজার টাকাসহ মোট আনুমানিক পৌনে সাত লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুণ্ঠন করে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা মেহজাবিন আক্তার (৫০) সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ তথ্য-প্রযুক্তির বিশ্লেষণ ও যাচাই-বাছাই শেষে সন্ধিগ্ধ হিসাবে আসামি মো. আবু তাহের (২৯) কে গত বুধবার বিকালে ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক গ্রিলকাটার একটি যন্ত্র উদ্ধার এবং অপর চার আসামিকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে দুজনের কাছ থেকে ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. আবু তাহের ডাকাতিকালে কলেজছাত্র মাহিউস সুনান চৌধুরীকে হত্যা করেছে বলে দোষ স্বীকার করে বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত