যে কারণে বরখাস্ত হলেন বায়ার্ন কোচ নাগালসম্যান

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০৩:০২ পিএম

তার অধীনে বুন্দেসলিগায় গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। এ আসরে পয়েন্ট তালিকার ২ নম্বরে থাকলেও শীর্ষে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে পার্থক্য মাত্র ১ পয়েন্টের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্ন নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শেষ ষোলোয় তারা দুই ম্যাচেই তারা হারিয়েছে পিএসজিকে। উড়তে থাকা এই দলটির কোচকে ক্লাব অফিসিয়ালদেরও সন্তুষ্ট থাকার কথা।

কিন্তু কাল হুট করেই বায়ার্ন মিউনিখের কোচ জুলিয়ান নাগালম্যানকে ‘বরখাস্ত’ করেছে ক্লাব। কারণ হিসেবে দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার কান ‘সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টির’ কথা উল্লেখ করেছেন। কিন্তু বায়ার্নের সাম্প্রতিক ফর্মের কারণে কোনোভাবে কোচ ছাঁটাই হওয়ার কথা নয়। তাই তার বিদায়ের পর প্রশ্ন উঠছে, কেন ছাঁটাই হলেন এই কোচ?

নাগালসম্যানের বরখাস্তের কারণ খুঁজতে গেলে যে নামটি সবার আগে আসছে, তিনি লিনা ভুরজেনবার্গার। বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার পর লিনার সঙ্গে প্রথম পরিচয় নাগলসম্যানের। জার্মানির বিখ্যাত সংবাদপত্র ‘বিল্ড’র বায়ার্ন মিউনিখ প্রতিনিধি ছিলেন লিনা। কাজের সূত্রেই এ দুজনের পরিচয়, যা পরে রূপ নেয় গভীর প্রেমে।

লিনার প্রেমে নাগলসম্যান এতটাই ডুবে গিয়েছিলেন যে স্ত্রী ভেরেনার সঙ্গে ১৫ বছরের সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা বোধ করেননি। কৈশোরে প্রেমে জড়ানোর পর ২০১৮ সালে বিয়ে করেছিলেন নাগলসম্যান–ভেরেনা। তাদের দুটি সন্তানও আছে। কিন্তু দুজনের সম্পর্কে লিনার আগমন সবকিছু উলটপালট করে দেয়।

নাগলসম্যানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় বায়ার্ন প্রতিনিধির দায়িত্বও ছাড়তে হয় লিনাকে। কিন্তু এরপরও বিতর্ক থেকে নিজেকে আলাদা রাখতে পারেননি লিনা। শেষ পর্যন্ত তাকে ঘিরেই নাকি যত সমস্যার সূত্রপাত।

নাগলসম্যানকে ছাঁটাইয়ের কারণ হিসেবে ভেতরের সূত্রের খবর, লিনার সঙ্গে নাগলসমানের সম্পর্কের বিষয়টি নিয়ে নাকি অস্বস্তি ছিল বায়ার্নের ড্রেসিংরুমে। খেলোয়াড়েরা দলের ভেতরকার খবর বাইরে বেরিয়ে আসা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।

সাবেক বায়ার্ন মিউনিক সেন্টার ব্যাক মার্কাস বাবেল বলেছেন, ‘আমি জানি যে বিল্ডের প্রতিবেদকের সঙ্গে নাগলসম্যানের সম্পর্কে বিষয়টি নিয়ে ড্রেসিং রুমে অনেক কথা হয়েছে। তাদের সম্পর্কের বিষয়টিকে ভালোভাবে দেখা হয়নি। বায়ার্নের জন্য তার প্রেমিকা ছিল বড় সমস্যার কারণ। দলের মধ্যে আস্থার অভাব ছিল। অনেক খেলোয়াড় কোচের সঙ্গে ঠিকঠাক যোগাযোগ করতে পারছিলেন না। কারণ, তারা এই ভয়ে ছিল যে শেষ পর্যন্ত সব কিছু সংবাদপত্রে চলে আসবে।'

এর মধ্যে এই মাসের শুরুতে বায়ার্নের টেকটিক্যাল পরিকল্পনা বিল্ডে প্রকাশিত হওয়ার পর ড্রেসিংরুমে গোপনীয়তা নষ্ট হওয়ার আতঙ্ক তৈরি হয়। লিনার কাছ থেকে এই পরিকল্পনা ফাঁস হয়েছে, এমন প্রমাণ না থাকলেও তার সঙ্গে নাগালসম্যানের সম্পর্কের কারণে অনেকের মধ্যে সন্দেহ দানা বেঁধেছিল। বিল্ডে প্রকাশিত সেই প্রতিবেদনে বায়ার্ন কীভাবে কৌশল বদলায়, তা তুলে ধরা হয়েছিল। সব মিলিয়ে দলের মধ্যে তৈরি হওয়া এই অনাস্থায় নাকি শেষ নাগলসম্যানের ছাঁটাই হওয়ার কারণ।

২০২১ সালের ২৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার পর নাগালসম্যানের অধীনে ৮৪ ম্যাচ খেলে বায়ার্ন। যার মধ্যে ৬০টি ম্যাচে জয় পায় জার্মান জায়ান্টরা। ১০টি পরাজয়ের বিপরীতে ড্র আছে আরও ১৪টি।

সর্বশেষ সর্বাধিক পঠিত