বেশ কয়েক দিন আগে থেকেই রাশিয়া মিত্র বেলারুশের মাটিতে পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা বলছিল। এবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। আর এতে বেশ ক্ষুব্ধ ইউরোপে প্রভাব বিস্তার করা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। আর একই প্রতিক্রিয়া ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ)। এ ঘটনাকে রুশ প্রেসিডেন্টের ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ বলে আখ্যা দিয়েছে ইইউ। অন্যদিকে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে সামরিক জোট ন্যাটো। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ‘বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন দায়িত্বজ্ঞানহীন আচরণ। এটি ইউরোপের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। তবে বেলারুশ চাইলে এখনই বিষয়টি রুখতে পারে। তবে তা নির্ভর করছে দেশটির সরকারের ওপর।’ এদিকে পুতিন গত শনিবার বলেন, পারমাণবিক অস্ত্র মোতায়েনটি যুক্তরাষ্ট্রের পদক্ষেপের অনুরূপ, যা বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্ক জুড়ে রয়েছে। যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই মিত্র দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে। এ অবস্থায় রাশিয়ার পারমাণবিক তৎপরতা মোকাবিলায় করণীয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে কিয়েভ।
×
