কুরাকাওয়ের বিপক্ষে গোলের সেঞ্চুরির অপেক্ষায় মেসি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:০১ পিএম

কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা প্রথম মাঠে নেমে পানামাকে হারিয়েছে। তাদের পরবর্তী ম্যাচ কুরাকাওয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় কাল ভোরে কুরাকাওয়ের বিপক্ষে খেলবেন মেসিরা। অনেকেই হয়তো কুরাকাও নামটি আগে শোনেননি। এখন প্রশ্ন হচ্ছে, কুরাকাও আসলে কী? একটি স্বাধীন দেশ? ফুটবল দল? তারা কেমন দল? কুরাকাও আসলে স্বাধীন রাষ্ট্র না। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নেদারল্যান্ডসের অন্তর্গত একটি দ্বীপ, যার আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার। জনসংখ্যা দেড় লাখের মতো। তবে কুরাকাও ফুটবল খেলে বহুদিন ধরে। ২০১০ সালে সাংবিধানিকভাবে দেশের মর্যাদা পাওয়ার পর নতুন করে গড়ে ওঠে কুরাকাও জাতীয় দল। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে তারা আছে ৮৬ নম্বরে।

১৯২৪ সালে প্রথম জাতীয় ফুটবল দল গঠন করে দ্বীপরাষ্ট্রটি। শুরুতে ফিফা র‌্যাংকিংয়ে তাদের অবস্থান অনেক পেছনে থাকলেও ২০১৬ সালের পর ৯০-এর বাইরে যায়নি। ২০১৭ সালে জ্যামাইকাকে ফাইনালে হারিয়ে ক্যারিবিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কুরাকাও। নিজেদের সবশেষ ম্যাচে রবিবার কনকাকাফ নেশনস লিগে কুরাকাও ২-০-তে হারিয়েছে কানাডাকে।

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর টানা জয়ের ধারায় আছে আর্জেন্টিনা। জিতেছে শেষ সাত ম্যাচ। প্রতি ম্যাচেই আলবিসেলেস্তেরা অন্তত দুটি করে গোল করেছে। সবশেষ পানামার বিপক্ষে মেসি ক্যারিয়ারের ৮০০তম গোল করেন। কুরাকাওয়ের বিপক্ষে আরেকটি গোল করলেই জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করবেন মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত