ঝড়ে খুঁটি পড়ে ৪০০ পরিবার বিদ্যুৎবিহীন

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১২:৩১ এএম

বাগেরহাটের মোংলায় ঝড়ে পল্লীবিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে এক মহিলা ইউপি সদস্যের বসতঘর বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ৪০০ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে ঝড়ের কবলে এ দুর্ঘটনা ঘটে।

বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর রায় জানান, বুধবার রাত ১২টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য চন্দ্রিকা রায়ের (৩২) কাঠ-টিনের বসতঘরের ওপর একটি পল্লীবিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এ সময় ঘরের লোকজন সজাগ থাকায় তারা দ্রুত বেরিয়ে যান। তবে ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে গতরাত থেকেই বিদ্যুৎহীন রয়েছে দিগরাজ বাজার ব্যাংক রোড থেকে বুড়িরডাঙ্গার দীপক মেম্বারের বাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটারের মধ্যে থাকা প্রায় ৪০০ পরিবার।

পল্লীবিদ্যুৎ সমিতির রামপালের ভাগা কার্যালয়ের ডিজিএম নওশের আলী বলেন, ‘আমি লেবার ও উদ্ধারসামগ্রী নিয়ে ঘটনাস্থলে এলে ইউপি মেম্বার চন্দ্রিকাসহ স্থানীয়রা ঘরের ক্ষতিপূরণের দাবিতে কাজে বাধা দেন। পরে দুপুরে পিলারটি সরানোর কাজ শুরু করা হয়। কিন্তু ক্ষতিপূরণ না দিলে স্থানীয়রা নতুন করে পিলার বসাতে দেবেন না।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নেই। দেখছি কী করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত