নারী ক্রিকেটের নতুন দিন

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০১:০৯ এএম

সাদা পোশাকের ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো নারীদের। এই প্রথম দীর্ঘ পরিসরের প্রতিযোগিতা দিয়ে টেস্ট মর্যাদা প্রাপ্তির পথচলা শুরু করলেন। খুলনায় শুরু হয়েছে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। মেঘনা-যমুনা-পদ্মা তিন দলে ভাগ হয়ে দুদিনের ম্যাচ খেলছে সালাম-ফারজানারা। পয়েন্ট তালিকার শীর্ষ দুদল মুখোমুখি হবে ফাইনালে।

কাল পদ্মা ও যমুনা দলের ম্যাচ দিয়ে  শুরু হয়েছে আসরের। তাতে প্রথম দিনই দুদলের দুটি ইনিংস প্রায় শেষ। আগে ব্যাট করা যুমনা প্রথম ইনিংসে ৬৬ ওভারে ১০ উইকেটে ১৫৫ রানে অলআউট হয়। জবাবে পদ্মা ৩৯ ওভারে ৭ উইকেটে ১১২ রানে দিন শেষ করে। যমুনার হয়ে সেরা নৈপুণ্য অধিনায়ক জাতীয় দলের সোবহানা মোস্তারীর। ১৩৫ বলে ৭ চারে ৪৯ রান তার। ৮০ বলে ৭ চারে ৩৮ রান করে তাকে ভালো সঙ্গ দিয়েছেন সুলতানা খাতুন। পদ্মার অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন ৪ ও অধিনায়ক ফাহিমা খাতুন ৩ উইকেট নেন। জবাবে সানজিদা আকতার মেঘলার ৪ উইকেটে বিপদে পড়ে পদ্মা। ওপেনার সাথি রানি ৫৩ বলে ৪৩ ও রিতু মনি ৫৫ বলে ৪০ রান করে দলকে তিন অঙ্কে পৌঁছে দেন।

২০২১ এপ্রিলে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ নারী দল। দু’বছর লম্বা ফরম্যাটের কোনো কার্যক্রম ছিল না। এখন শুরু হওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সাবেক অধিনায়ক সালমা খাতুন, ‘অবশ্যেই ভালো লাগছে এমন কিছু অংশ হতে পেরে। ম্যাচগুলোতে দেখব যে টেস্ট খেলার মতো সামর্থ্য আছে কি না আমাদের বা কাদের মধ্যে আছ সেটা দেখার জন্য এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত