কমলগঞ্জে দেড় কিলোমিটার সড়ক বেহাল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:০১ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষারের শহীদনগর বাজার থেকে শরিষতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক বেহাল।

বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হওয়ায় সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

সম্প্রতি সরেজমিনে জানা যায়, গত দুই বছর ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। মৌলভীবাজার জেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই সড়ক দিয়ে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।

প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে দুই শতাধিক ট্রাক, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। বৃষ্টির দিনে সড়কের গর্তগুলো পানিতে ভরে যাওয়ায় অনেক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সড়কটির বিভিন্ন অংশে পিচ উঠে ৩ থেকে ৪ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে এসব গর্তের ওপর দিয়ে গাড়ি চলাচল করলেও সামান্য বৃষ্টি হলেই সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়।

এলাকাবাসী জানান, নাজুক এ সড়ক দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে পিচ উঠে অসংখ্য গর্ত তৈরি হয়েছে।

প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, গাড়ি গর্তে পড়ে নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। অথচ সড়কটি মেরামতের জন্য গত দুই বছরে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই এলাকার বাসিন্দা সুমন খান, স্বপন আলী ও বাপ্পি মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘গত দুই বছর ধরে খুব কষ্ট করে আমরা এই সড়ক দিয়ে আসা-যাওয়া করি।

প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী স্কুল, কলেজ ও মাদ্রাসায় আসা যাওয়া করে। সড়কের অবস্থা এতটাই বেহাল যে, অনেকে গাড়িতে না চড়ে এখন হেঁটে যাতায়াত করে।’

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘সড়কটি মেরামতের জন্য উপজেলা এলজিইডি প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। আশা করছি কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।’

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘শহীদনগর বাজার থেকে শরিষতলা পর্যন্ত সড়কের বেহাল অবস্থার বিষয়ে স্থানীয়ভাবে জেনেছি। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত