শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত শিশু ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের অপর বোন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায়। এর আগে গত সোমবার রাত ১০টার দিকে সখীপুর থানার আশ্রাফ বেপারিকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার মো. মনসুর ঢালীর মেয়ে সামিয়া আক্তার (১০) ও ছেলে আরাফাত ঢালী (৮)। গুরুতর আহত বড় বোন মীম ইসলাম (১২) ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মনসুর ঢালীর দুটি ঘরের মধ্যে একটিতে সোমবার রাত ৯টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সামিয়া, আরাফাত ও মীম। আর অন্য ঘরে মনসুর ঢালী ও তার স্ত্রী ঘুমায়। রাত ১০টার দিকে শিশুগুলো ঘুমিয়ে থাকা দোচালা টিনের ঘরটিতে হঠাৎ আগুন লাগলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সামিয়া, আরাফাত ও মীমকে উদ্ধার করেন। ততক্ষণে সামিয়া ও আরাফাতের শরীর ৯৫ ভাগ দগ্ধ হয়। আর মীমের শরীর ৫০ ভাগ দগ্ধ হয়। পরে তাদের সখীপুরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৪টার দিকে সামিয়া ও আরাফাতের মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা আগুনের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ভেদরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের এক ঘণ্টা পর ঘটনাস্থলে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
