১৫ ফেব্রুয়ারি দেশ রূপান্তরের খেলার পাতায় ২০০৩ সাফজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক রজনীকান্ত বর্মণকে নিয়ে “ভালো নেই সোনালি সাফল্যের অগ্রনায়ক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। পাশেই ছিল “সব হারিয়ে এখন আমি নিঃস্ব” শিরোনামে রজনীর সাক্ষাৎকার। দুটি প্রতিবেদনে উঠে এসেছিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পর রজনীর আর্থিক দুরবস্থার কথা। যা নিয়ে ব্যাপক সাড়া পড়ে ক্রীড়াঙ্গনে।
অনেকেই রজনীর দুরবস্থার কথা জেনে বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। যাদের অন্যতম সাবেক ফুটবলার আবদুল গাফফার। তার উদ্যোগে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের মাধ্যমে রজনী ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুরবস্থার কথা জানিয়ে সহায়তার আবেদন করেন। সেই আবেদন হাতে পেয়ে প্রধানমন্ত্রী খোদ ফোন দিয়েছিলেন রজনীকে।

বেশ কিছুক্ষণ সাবেক কৃতী এই ফুটবলারের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। একই সঙ্গে তাকে সহায়তার আশ্বাসও দিয়েছেন সরকারপ্রধান। রজনী আজ দেশ রূপান্তরকে বলেন, ‘গত ২৪ মার্চ বিকেলের দিকে আমাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় চার মিনিট সময় কথাও বলেছেন। জানতে চেয়েছেন আমার সম্পর্কে। সহায়তার আবেদনের চিঠি হাতে পাওয়ার কথা জানিয়ে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।’
বিস্তারিত আগামীকাল দেশ রূপান্তরের খেলার পাতায়…