ফ্রেঞ্চ লিগে শনিবার রাতে পিএসজি ২-০ তে হারিয়েছে নিসকে। ম্যাচে একটি গোল করেন লিওনেল মেসি, অপরটি সার্জিও রামোস। এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। সমর্থকেরা টুইটারে সমালোচনা করছেন তার। একজন লিখেছেন নিসের বিপক্ষে ম্যাচটি ছিল এমবাপ্পের ক্যারিয়ারের সবচেয়ে বাজে ম্যাচ।
আসলেই কি নিজের ক্যারিয়ারের বাজে ম্যাচ খেলেছেন ফরাসি ফরোয়ার্ড? পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে। বল পজিশন হারিয়েছেন ১৬ বার। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল এমবাপ্পে। আশরাফ হাকিমির থ্রু বল গোলরক্ষক ফেরালে পেয়ে যান এমবাপ্পে। কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে হেলায় হারান সেই সুযোগ। মেসির পাস সহজ জায়গায় পেয়েও গোল করতে পারেননি।
ম্যাচে এমবা্প্পের মিসগুলো নিয়ে সমর্থকেরা সমালোচনা করেন। এক সমর্থক লেখেন, ‘কিলিয়ান এমবাপ্পে সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে প্যারফরম্যান্স করেছে ম্যাচটিতে।’
আরেক সমর্থক এমবাপ্পে প্রসঙ্গ বলতে গিয়ে টানেন ফরাসি ফরোয়ার্ডের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোকেও, ‘মেসি নিজেই স্কোর করতে পারতো তবে সে পাস দিল এমবাপ্পেকে। যে কিনা রোনালদোর মতো বল মঙ্গলে পাঠিয়ে দিল।’
