ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, দেশব্যাপী সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার মুক্ত সাংবাদিকতার প্রতিবন্ধকতা। এ মামলায় কারাগারে থাকা ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভসহ দেশব্যাপী গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তি দাবি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
