প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন ব্যবসায়ী

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:৪৪ এএম

পঞ্চগড়ের সদরে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মামুনুর রশিদ ওরফে মামুন (৩৫) নামে এক ব্যবসায়ী। এ সময় মামুনের সহযোগী তুষার আলম প্রধানকেও (৪০) গ্রেপ্তার করা হয়। গত রবিবার সন্ধ্যায় উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ফুলপাড়া থেকে মামুনকে ও পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। রায়হান (৩২) নামে মামুনের অন্য এক সহযোগী পলাতক। তাদের বিরুদ্ধে রবিবার রাতেই পঞ্চগড় সদর থানায় মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে ডিবি। গতকাল সোমবার দুপুরে ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ফুলপাড়া এলাকার টমেটোচাষি ও ব্যবসায়ী মাসুদ রানার সঙ্গে একই এলাকার টমেটো ব্যবসায়ী মামুনুর রশিদের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। গত শনিবার মামুন তার সহযোগী রায়হানের মোবাইল ফোন থেকে মাসুদকে কল করে ঠাকুরগাঁও জেলা শহরের মেসার্স রশিদ বীজ ভা-ারের স্বত্বাধিকারী পরিচয় দিয়ে তার টমেটোক্ষেতে সাথী ফসল হিসেবে ঢেঁড়স চাষাবাদ করতে পরামর্শ দেন। পরামর্শমতো মামুন মাসুদকে রবিবার দুপুরে বাসযোগে বাসের হেলপার জহিরুল ইসলামের মাধ্যেমে ঢেঁড়সবীজ পাঠানোর কথা জানান। পরে হেলপার জহিরুল রবিবার বিকেলে মাসুদকে মোবাইল ফোনে কল করে বীজগুলো গ্রহণ করতে বলে। মাসুদ তার ব্যবসায়িক পার্টনার খোরশেদ আলমকে সঙ্গে নিয়ে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা এলাকায় ঢেঁড়সবীজ আনতে যান। এ সময় মামুনের সহযোগী তুষার ডিবি পুলিশকে ফোন করে জানান ধাক্কামারা এলাকায় প্রকাশ্যে ইয়াবার বেচাকেনা চলছে।

খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার প্যাকেট ঢেঁড়সবীজ ও একটি প্যাকেটে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরে মাসুদ ও খোরশেদকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে মাসুদ বিস্তারিত খুলে বলেন। ডিবি পুলিশ তদন্তে নেমে মামুন, তুষার ও রায়হান এ ঘটনায় জড়িত থাকার সত্যতা পায়। পরে রবিবার সন্ধ্যায় মামুন ও তুষারকে গ্রেপ্তার করা হয়। অভিযানের খবর টের পেয়ে মামুনের সহযোগী রায়হান পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত