কার্প জাতীয় মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির লক্ষ্যে ২০ এপ্রিল থেকে তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণত প্রতি বছর ১ মে থেকে হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও এবার হ্রদে পানি কম থাকায় ১০ দিন আগেই মাছ আহরণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফডিসি) জেলা ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়াসহ মৎস্য ব্যবসায়ীরা।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, গত বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর অস্বাভাবিক হারে নেমে গেছে। ফলে মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষার্থে ১০ দিন আগেই কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বন্ধকালীন মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়ন করা হবে।
