প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘আমেরিকা চাইলে যেকোনো দেশের ক্ষমতা উল্টাতে-পাল্টাতে পারে।’ বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের পক্ষ হয়েই ওকালতি করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে তার গণতান্ত্রিক কোনো অস্তিত্ব থাকবে না। অগণতান্ত্রিক ধারা। আর সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিজীবী, সামান্য কিছু পয়সার লোভে এদের তাঁবেদারি করে, পদলেহন করে।’
গতকাল সোমবার জাতীয় সংসদে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনা ১৪৭ বিধির সাধারণ প্রস্তাব ও অধিবেশনের সমাপনী বক্তবে প্রধানন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘১৫ আগস্ট যারা হত্যা করেছে, সেই খুনি রাশেদ (রাশেদ চৌধুরী) আমেরিকায় আশ্রয় নিয়ে আছে। সেখানে যতটা প্রেসিডেন্ট এসেছে সবার কাছে আমি আবেদন করেছি। আইনগতভাবে আমরা প্রচেষ্টা চালিয়েছি। আমরা ডিপ্লোমেসির মাধ্যমে প্রচেষ্টা চালিয়েছি। রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি যে এই খুনি সাজাপ্রাপ্ত আসামি, তাকে আপনারা আশ্রয় দেবেন না। শিশু হত্যাকারী, নারী হত্যাকারী, রাষ্ট্রপতির হত্যাকারী, মন্ত্রীর হত্যাকারী। এটা মানবতা লঙ্ঘনকারী। এদের আপনারা আশ্রয় দিয়েন না। ফেরত দেন। কই, তারা তো তাকে ফেরত দিচ্ছে না। খুনিদের লালন-পালন করেই রেখে দিচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অভিজ্ঞতা খুবই বিচিত্র। আমরা আইয়ুব আমল দেখেছি। ইয়াহিয়া আমল দেখেছি। জিয়ার আমল দেখেছি। জেনারেল এরশাদের আমল দেখেছি। খালেদা জিয়ার আমলও দেখেছি।’
এ সময় যুক্তরাষ্ট্র সফরে একটি বৈঠকের প্রসঙ্গ টেনে সরকারপ্রধান বলেন, ‘আমেরিকায় যখন প্রথমবার যাই সেখানকার আন্ডার সেক্রেটারির সাথে আমার মিটিং হয়েছিল। বলেছিলাম আমি একটি মনুমেন্ট দেখে এসেছি। সেখানে লেখা আছে গভর্নমেন্ট অব দ্য পিপল, ফর দ্য পিপল বাই দ্য পিপল। আমি এমন একটি দেশ থেকে এসেছি সে দেশটি হচ্ছে গভর্নমেন্ট অব দ্য আর্মি বাই দ্য আর্মি ফর দ্য জেনারেল। বলেছিলাম, আমেরিকা গণতন্ত্র চর্চা করে তাদের আটলান্টিকের পাড় পর্যন্ত। এটা যখন পার হয়ে যায়, তখন কি আপনাদের গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে যায়? কেন আপনারা একটা মিলিটারি ডিক্টেটরকে সমর্থন দিচ্ছেন? আমি এই প্রশ্নটি করেছিলাম।’
আমেরিকার কথায় কিছু লোক খুব নাচন-কোদন করছেন : বিভিন্ন দেশের বিষয়ে বর্তমানে মার্কিন অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আজকেও আমি বলি, যে দেশটা আমাদের কথায় কথায় গণতন্ত্রের সবক দেয়। আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন-কোদন করছেন, ওঠবস করছেন। উৎফুল্ল হচ্ছেন। হ্যাঁ তারা যেকোনো দেশের ক্ষমতা ওল্টাতে পারেন। পাল্টাতে পারেন। বিশেষ করে মুসলিম দেশগুলো তো আরও বেশি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আরাব স্প্রিং (আরব বসন্ত) ডেমোক্রেসি সব বলে বলে, যেসব ঘটনা ঘটাতে ঘটাতে এখন নিজেরা নিজেদের মধ্যে একটা প্যাঁচে পড়ে গেছেন। যত দিন ইসলামিক কান্ট্রিগুলোর ওপর চলছিল, তত দিন কিছু হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে এখন সারা বিশ^ই আজকে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা।’
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা আমাদের এখন গণতন্ত্রের জ্ঞান দিচ্ছে। কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটসের কথা বলছে। তাদের দেশের অবস্থাটা কী? কয়েক দিন আগের কথা আমেরিকার টেনেসিস রাজ্যে তিনজন কংগ্রেস; এই তিনজনের অপরাধ হচ্ছে তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল। তারা ডেমোনেস্ট্রেশন দিয়েছিল যে এভাবে যার-তার হাতে অস্ত্র থাকা আর এভাবে গুলি করে শিশু হত্যা বন্ধ করতে হবে। এটাই ছিল তাদের অপরাধ। আর এই অপরাধে এই দুজনকে কংগ্রেস থেকে এক্সপেল করা হয়। জাস্টিস জন ও জাস্টিস পিয়ারসন। একজন সাদা চামড়া ছিল বলে বেঁচে যায়। তাদের অপরাধ হলো তারা কালো চামড়া। সেই কারণে তাদের সিট আনসিট হয়ে যায়। তো এখানে মানবাধিকার কোথায়! এখানে গণতন্ত্র কোথায়? এটা আমার প্রশ্ন।’
তিনি বলেন, ‘আমেরিকায় প্রায় প্রতিদিনই দেখা যায় অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে যায়। বাচ্চাদের গুলি করে হত্যা করছে। শিক্ষকদের হত্যা করছে। শপিং মলে ঢুকে যাচ্ছে। হত্যা করছে। ক্লাবে যাচ্ছে সেখানে হত্যা করছে। এটা প্রতিনিয়ত, প্রতিদিনেরই ব্যাপার। কোনো না কোনো রাজ্যে অনবরত এ ঘটনা ঘটছে।
প্রথম আলো আ.লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু : সংসদে শেখ হাসিনা বলেন, ‘প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। একটি শিশুর মুখ দিয়ে মিথ্যা বলানো-ভাত-মাংসের স্বাধীনতা চাই। একটি সাত বছরের শিশুকে দিয়ে বানানো, তার হাতে দশটা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে সেটা প্রচার করা স্বনামধন্য এক পত্রিকার নাম প্রথম আলো। কিন্তু বাস করে অন্ধকারে। আমি এটা অত্যন্ত দুঃখের সাথে বলি যে এরা এ দেশে কখনো স্থিতিশীলতা থাকতে দিতে চায় না। ২০০৭ সালে যখন ইমার্জেন্সি হয় তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদাজল খেয়ে নেমে গেল। তার সাথে আছে একজন সুদখোর (ড. মুহাম্মদ ইউনূস)।
তিনি বলেন, ‘যে (ড. মুহাম্মদ ইউনূস) বিনিয়োগ করে আমেরিকায়। আমেরিকা একবারও জিজ্ঞেস করে না যে গ্রামীণ ব্যাংক এটা তো একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারের বেতন তুলত যে এমডি। সে মিলিয়ন মিলিয়ন ডলার কোথা থেকে পেল যে আমেরিকার মতো জায়গায় সামাজিক ব্যবসা করে, বিনিয়োগ করে। দেশে-বিদেশে করা এই বিনিয়োগের এই অর্থ কোথা থেকে আসে? এটা কি তাকে কখনো জিজ্ঞেস করেছে? জিজ্ঞেস করেনি। তাদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়। এদের কাছে মানবতার কথা শুনতে হয়। যারা গরিবের রক্ত চুষে, যারা গরিবের টাকা পাচার করে শতকোটি টাকার মালিক হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায় আর এই সব লোক এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সরকার এসে কিছুই নাকি করেনি। আওয়ামী লীগ কী করেছে তার আগে কী ছিল তার কয়েকটি হিসাব তুলে ধরতে চাই। আমি বিশ্বাস করি, দেশের মানুষও বিশ্বাস করে ১৪ বছর একটানা ক্ষমতায় আছি বলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। হ্যাঁ ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশে^ মূল্যস্ফীতি বেড়েছে। তারপরও আমাদের উৎপাদন বৃদ্ধি করে দেশের মানুষের জন্য অতিরিক্ত দামে জিনিস কিনে এনেও আমরা খাদ্যনিরাপত্তা দিয়ে যচ্ছি। নিম্ন আয়, মধ্যম আয় সবার দিকে আমাদের দৃষ্টি আছে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি মানুষের ভাগ্য গড়তে। এখন গ্রাম আর শহরের পার্থক্য কমে গেছে। শহরের মাঝখানে আরেকটা শহর গড়ে উঠছে। প্রতিটি গ্রামে আমরা নাগরিক সুবিধা পৌঁছে দিচ্ছি।’
বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন নির্বাচন নিয়ে অনেক কথা বলছেন। ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। যে বিরোধী দলকে বড় বিরোধী দল বলা হয় তারা ২০০৮ সালে ২৯টি সিট পেয়েছিল। তারা যদি এত বড়ই বিরোধী দল হয়ে থাকে তাহলে ২৯টি সিট পেল কেন? তারা এত বড় দল কোত্থেকে হয়ে গেল। আর সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে সেই দলের চেয়ারপারসন। হত্যা-গুম-খুন-দুর্নীতি-জঙ্গবাদ-সবকিছুতেই যারা পারদর্শী ছিল। তাদের জন্য দেশের মানুষ আতঙ্কে থাকত। এখন তাদের নিয়ে এত উৎফুল্লতা শুরু করছে। এটাই হচ্ছে দুর্ভাগ্য।’
এ সময় বিএনপি ও বর্তমান সরকারের আমলে উন্নয়নের তুলনার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপির আমলে ডিজিটাল সেবা সেন্টার ছিল ৮টি আর এখন ১ হাজার ১৭৮টি। ওয়ান স্টপ সেন্টার আগে ২টি ছিল, এখন ৮ হাজার ৮২৫টি। বিএনপির আমলে সরকারি ওয়েবসাইট ছিল ৯৮টি। আর আওয়ামী লীগ আমলে ৫১ হাজার ৬৭৮টি।
তিনি বলেন, ‘১৪ বছরে বাংলাদেশে বিরাট পরিবর্তন সম্ভব হয়েছে। এরপরও যদি কেউ উন্নয়ন না দেখে, আর সরকার কিছুই বলেনি বলে, এর চেয়ে দুঃখজনক আর কিছুই না। তবে যা কিছু করি তেলা মাথায় তেল দেওয়া নয়। জনগণের জন্য করি, সাধারণ মানুষের জন্য করি, গ্রামের মানুষের জন্য করি। দেশের মানুষ ভালো আছে এটা সব থেকে বড় কথা।’
৭০ অনুচ্ছেদ নিয়ে কেন এত আপত্তি : প্রধানমন্ত্রী ৭০ অনুচ্ছেদ সংশোধনী দাবি প্রসঙ্গে বলেন, এটা নিয়ে অনেকেরই আপত্তি। যারা এই আপত্তির কথা তুলেছে, তাদের বোধ হয় অভিজ্ঞতার অভাব আছে। এই ৭০ অনুচ্ছেদটাই কিন্তু আমাদের দেশে সরকারের একটা স্থায়িত্বের সুযোগ এনে দিয়েছে। যার ফলে দেশটা উন্নতি করতে সক্ষম হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের ফ্লোর ক্রস করার কারণে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকার টিকতে পারেনি। এর আগে ১৯৪৬ সালেও একই খেলা হয়েছিল। যার কারণে আমাদের পূর্ব বাংলাটা যেভাবে গঠন হওয়ার কথা, সেভাবে হয়নি। এটা ১৯৫৬ সালের নির্বাচনেও হয়েছিল। পরে মার্শাল ল এসে ক্ষমতা দখল করে। কাজেই এই ৭০ অনুচ্ছেদটাই একটি সুরক্ষা দেয় গণতন্ত্রকে সুসমুন্নত করতে, সংহত করতে। আর এর সুফল জনগণ পেতে পারে। জানি না, কেন কিছু কিছু সদস্য এর ওপর এত রাগ। কারণ হচ্ছে, সরকার ভাঙতে-গড়তে বা খেলাটা খেলতে তারা সক্ষম হচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা।’
শেষ হলো সংসদের অধিবেশন, প্রধানমন্ত্রীর আনীত প্রস্তাব গৃহীত
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আনীত প্রস্তাব (সাধারণ) সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশেষ অধিবেশন। কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ৭ এপ্রিল প্রস্তাব উত্থাপন করেন।
গতকাল সোমবার অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি সংসদের ২২তম এ অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন। জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অধিবেশন আহ্বান করা হয়েছিল।
অধিবেশনের শেষ দিনে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।
১৯৭৩ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই দিন সামনে রেখে ৬ এপ্রিল থেকে জাতীয় সংদের বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাত এপ্রিল জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি। পরে ওই দিন জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ওপর ৬৩ জন সংসদ সদস্য মোট ১০ ঘণ্টা ২৩ মিনিট আলোচনায় অংশ নেন। পরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আনীত প্রস্তাব (সাধারণ) সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
ছুটির দিন শুক্র ও শনিবারসহ এবারের অধিবেশনে পাঁচ কার্যদিবসের ছিল। এই অধিবেশনে ৭টি বিল উত্থাপন করা হয়। তবে কোনো বিল পাস হয়নি। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২০টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৪৯টি প্রশ্নসহ মোট ৪৬৯টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৩৬টি। অধিবেশনে উত্থাপনের জন্য ৮টি সরকারি বিলের নোটিস পাওয়া গেছে। বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ৩টি রিপোর্ট উপস্থাপন করা হয়।
প্রস্তাবব উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে সংসদের অভিমত এই যে ‘বাংলাদেশ জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দুরূপে জনগণের জীবনমান উন্নয়ন এবং আশা-আকাক্সক্ষার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে এবং এর মধ্য দিয়ে গণতন্ত্র হবে সুসংহত, শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সবার জন্য সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে, সংবিধানের এ অঙ্গীকারগুলো পূরণে আমরা সবাই একযোগে কাজ করব, গড়ে তুলব আগামীর সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘স্মার্ট বাংলাদেশ’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাÑ এই হোক আমাদের প্রত্যয়।’
