ঈদের কেনাকাটায় গিয়ে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০২:২৮ এএম

রাজধানীর মৌচাকে প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন মাসুম পারভেজ রাসেল (৪২), তার স্ত্রী সখিনা আক্তার কাজল (৩২), ছেলে নাফিজ পারভেজ আজান (১২) ও মেয়ে জান্নাতুল ফেরদৌস এশা (১০)।

দগ্ধ রাসেল জানান, তাদের বাসা বাড্ডা ডিআইটি প্রজেক্টের ১৬ নম্বর রোডে। ঈদের কেনাকাটা করতে ইফতার শেষে পরিবার নিয়ে নিজেদের প্রাইভেট কারে করে মৌচাক ফরচুন মার্কেটে যাচ্ছিল। মৌচাক মোড়ে ফরচুন মার্কেটের বিপরীত পাশে পৌঁছলে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে গাড়ির ভেতরে থাকা চারজনই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বিনতে নিজাম জানান, চারজনের হাত ও মুখ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা ভালো। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাতে মৌচাক মোড়ে একটি প্রাইভেট কারে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে আগেই আগুন নিভে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত