খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০২:৩৪ এএম

রাজধানীর খিলগাঁও ত্রিমোহনীতে ঘরের চালার ওপর ওয়েল্ডিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখান থেকে পড়ে সুলতান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার বেলা ১টার দিকে ত্রিমোহনী শাহাদাত রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুলতানকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. পরান জানান, সুলতানের বাড়ি ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর ইউনিয়নে। বর্তমানে খিলগাঁও নবীনবাগ এলাকায় থাকেন। গ্রিল মিস্ত্রির কাজ করেন তিনি। ১০ দিন ধরে ত্রিমোহনী শাহাদাত রোডে একটি টিনশেড ঘর নির্মাণকাজ করছিলেন। সুলতান ঘরের চালার ওপর উঠে লোহার অ্যাঙ্গেলে ওয়েল্ডিং করার সময় ঘরের পাশের উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। এতে চালার ওপর থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা-পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত