কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে আম পাড়া নিয়ে বোনকে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী সেলিম মিয়া (৩৫) ওই গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ।
নিহত প্রতিবন্ধী সেলিম মিয়ার বোন অরুনা বেগম জানান, রবিবার সকাল ৮টার দিকে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে তার ছেলে ৯ বছর বয়সী মাশরাফির সঙ্গে মোচাগড়া গ্রামের বশির আহম্মেদের ছেলে জুনায়েদের ঝগড়া হয়। একপর্যায়ে জুনায়েদ অরুনার চোখে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে তার প্রতিবন্ধী ভাই সেলিম চিকিৎসার জন্য কুমিল্লা নিয়ে যান।
চিকিৎসা শেষে ওইদিন দুপুরে সেলিম বাড়িতে ফিরে বোনের মারধরের প্রতিবাদ করায় মোচাগড়া গ্রামের জুনায়েদ, আরিফ, ছোটন, তাজু, মিস্টার চেয়ারম্যানের ছেলে রিফাত, নুর নবীসহ ১৫-২০ জন মিলে তাকে দেশীয় লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। মারধরের একপর্যায়ে সেলিম মিয়ার অবস্থা বেগতিক দেখে অভিযুক্তদের পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ বলা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
