সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে সৌধ এলাকায় প্রবেশ করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় বেদির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে বিউগলে বেজে ওঠে করুণ সুর। এসময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
সাভার স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে ১১টা ৫০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে রাষ্ট্রপতির বহর।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, নতুন রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধসহ আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনারে সালাম গ্রহণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুসজ্জিত একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতি গার্ড পরিদর্শন করেন। যেহেতু সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি তার কার্যালয়ে প্রথম অফিস করেন, তাই কোনো আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা যায়নি।
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল বঙ্গভবনে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খানসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
গত সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। এরপর গুলশানের বাসা ছেড়ে রাত পৌনে ৯টায় রাষ্ট্রপতি সপরিবারে বঙ্গভবনে ওঠেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্যরা গতকাল রাত ৮টা ৫০ মিনিটে তার গুলশানের বাসা থেকে মোটর শোভাযাত্রায় বঙ্গভবনে আসেন।
বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটকে রাষ্ট্রপতিকে স্বাগত জানান, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস অশ্বারোহী দল। সেখান থেকে প্রধান ভবনের গেটে এলে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি : আজ বুধবার নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। এরপর রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
জেলা প্রশাসক আরও জানান, এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করবেন। তিনি আরও জানান, জেলাবাসী উৎসাহের সঙ্গে অধীর আগ্রহে রাষ্ট্রপতিকে বরণ করতে অপেক্ষা করছেন। সব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে রাষ্ট্রপতি বিকেলেই ঢাকায় ফিরে যাবেন।
