নাটোরের সিংড়া উপজেলায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। অপরদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিংড়া পৌরসভার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি এলাকার পাঁচ কৃষকের চার বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে প্রায় দেড়শ নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়।
চকসিংড়ার কৃষক মারফত আলী বলেন, ‘আমার এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনামূল্যে ছাত্রলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
একই গ্রামের কৃষক শুকুরান বলেন, ‘শ্রমিক না পেয়ে আমার ১৬ শতাংশ জমির ধান মাঠে নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছেন।’
সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা উপজেলা ছাত্রলীগ অস্বচ্ছল কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি। পুরো বোরো মৌসুমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’
এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের গাদিঘাট গ্রামের আড়িয়ল বিলে কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। গতকাল দুপুর ১২টার দিকে বিলের জিল্লুর রহমানের জমির ধান কাটেন তারা। পরে ২০০ কৃষকের মধ্যে লুঙ্গি বিতরণ করেন।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যার যার অবস্থান থেকে কৃষকদের সহায়তা করার জন্য। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রমের সূচনা করল।’
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাদ সিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন প্রমুখ।
