রংপুর সদর উপজেলার লাহিড়ীর হাটে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে একটি ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মন্দেল মিয়া (৫৫)। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নদীতে নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর শিক্ষার্থী ওসানার (১২) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।
রংপুর কোতোয়ালি থানার ওসি সুশান্ত কুমার রায় বলেন, মমিনপুর ইউনিয়নের লাহিড়ীর হাটের একটি ভুট্টাক্ষেতে বস্তাবন্দি লাশের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মন্দেল মিয়া ঈশ্বরপুর সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নদীতে নিখোঁজ শিক্ষার্থী ওসানার মরদেহ গতকাল সকাল ৮টার দিকে উপজেলার পোড়াব এলাকার শীতলক্ষ্যা নদীর সøুইসগেট ঘাট থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব। নিহত ওসানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
