হাতির পায়ে পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২৩, ০১:২১ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আরও একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী গাজিরভিটা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. ইদ্রিস মিয়া (৫০)। তিনি ওই এলাকার মৃত তৈমুর রহমানের পুত্র। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খাবারের সন্ধানে প্রায় ৪০-৫০টি বন্যহাতির দল ধান ক্ষেতে হানা দেয়। বোরো মৌসুমের ফসল রক্ষায় গ্রামের মানুষ লাঠি, মশাল, পটকা নিয়ে হাতির দলটিকে ধাওয়া করেন। এ সময় দলবদ্ধ হাতির পাল থেকে একটি হাতি তেড়ে এসে পল্লী চিকিৎসক ইদ্রিস মিয়াকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে ফেলে রেখে চলে যায়। হাতির পাল ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।

হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জানতে পেরেছি। মঙ্গলবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত