নদীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর জীবিত নারী উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২৩, ০২:৩৮ এএম

শরীয়তপুরের গোসাইরহাটে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ওই নারীর নাম জোহরা বেগম (৩৮)। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঠান্ডাবাজার এলাকার মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর পাড়ের চর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত জোহরা বেগম নারায়ণগঞ্জের বাসিন্দা। তার স্বামী জহিরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে লিখিত এক বিবৃতিতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোসাইরহাটের মিত্রসেন পট্টির লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩ মেঘনা নদীর ঠা-াবাজার এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় জোহরা বেগম নামের এক নারী নদীতে পড়ে যায়। পরে জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট হাইমচর কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

আহত জোহরা বেগম জানান, তিনি পানের সঙ্গে সুপারি-জর্দা বেশি খাওয়ার কারণে মাথা ঘুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যান। পড়ে যাওয়ার পর কি হয়েছে তা বলতে পারছেন না তিনি। তখন তার স্বামী জহিরুল ও সন্তান লঞ্চে ঘুমিয়ে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত