ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছর সেপ্টেম্বরে তার বড় ছেলে যুবরাজ চার্লস উত্তরাধিকার হিসেবে তাৎক্ষণিকভাবে রাজা তৃতীয় চার্লস হিসেবে পরিচিত হন। রাজা হিসেবে স্বীকৃতি পেলেও রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা সে সময় হয়নি। কয়েক মাসের প্রস্তুতি শেষে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভ্যাগত ও রাজপারিষদদের সামনে আজ শনিবার ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে ৭৪ বছর বয়সী তৃতীয় চার্লসের। এ অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিবিসি জানাচ্ছে, আজ ধর্মীয় অনুশাসন আর ব্রিটিশ কেতা মেনে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভ্যাগত ও রাজপারিষদদের সামনে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হবে। এ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কয়েক হাজার অতিথির পাশাপাশি আশপাশে সেন্ট্রাল লন্ডনের রাস্তাগুলোতে উপস্থিত থাকবেন প্রজারা।
ইংরেজি ‘করোনেশন’ বা ‘রাজমুকুট পরিয়ে দেওয়া’র শব্দটি লাতিন শব্দ ‘করোনা’ থেকে এসেছে যার অর্থ ‘ক্রাউন’ বা ‘মুকুট’। তবে এর ব্যপ্তি শুধু শাব্দিক অর্থেই সীমাবদ্ধ নয় বরং এই ‘করোনেশন’ হচ্ছে একটি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজ্য, গির্জা ও রাজপরিবারের একত্রিত হওয়ার উপলক্ষ, যেখানে রাজা ঈশ্বর ও দেশের সেবা করার শপথ নেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার রাজা ও রানী কনসোর্টের রাজ্যাভিষেকের আগে রাষ্ট্র ও সরকারপ্রধান বা বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। গতকাল বিকেলে বাকিংহাম প্যালেসে অনুষ্ঠানটি হয়।
প্রধানমন্ত্রী জাপানে দ্বিপক্ষীয় সফর এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশ্বব্যাংকের এক অনুষ্ঠানে যোগদানের পর রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় ৪ মে রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনে পৌঁছান।
সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কমনওয়েলথ দেশের সরকারি নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেন। লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউজে এ সম্মেলন হয়। এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকারপ্রধানদের মতবিনিময় হয়।
এর আগে কমনওয়েলথ সচিবালয়ে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।
রাজা তৃতীয় চার্লসের মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর লন্ডনে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিকেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। লন্ডন পল মলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউজের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে দুই নেতার বৈঠক হয়। গত বছর ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুই নেতার বৈঠক হলো। বাসস
