পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি হত্যা রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

ঢাকার আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের সদস্য বাদল মিয়া ওরফে জোসু (৪০) হত্যার পাঁচ বছর পর রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাওন আহম্মেদ সুজন (২৮) নামে এক ব্যক্তিকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) পিবিআই ঢাকা জেলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পিবিআই জানায়, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিটের মধ্যে আশুলিয়া থানার এনায়েতপুর দক্ষিণপাড়ায় আবু বকর সিদ্দিকের সেমিপাকা টিনশেড বাড়ির একটি ভাড়াকক্ষ থেকে বাদল মিয়া ওরফে জোসুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. সিদ্দিকুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

মামলাটি প্রথমে আশুলিয়া থানা পুলিশ প্রায় ছয় মাস তদন্ত করে। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তভার নেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি প্রায় এক বছর আট মাস তদন্তের পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। তবে আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই ঢাকা জেলাকে দেন। পরে এসআই (নিরস্ত্র) ফরহাদ মোল্লাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকা থেকে শাওন আহম্মেদ সুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্ত ও আসামির জবানবন্দির বরাত দিয়ে পিবিআই জানায়, বাদল মিয়া তৃতীয় লিঙ্গের পরিচয়ে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ড ও নিরিবিলি এলাকায় চলাফেরা করতেন। এ সূত্রে মোর্শেদ (৩৪) নামে আরেক তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে তাঁর বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা তৈরি হয়। বাদল মাঝেমধ্যে পুরুষদের সঙ্গে নিয়ে মোর্শেদের ভাড়া বাসায় যেতেন।

অন্যদিকে, শাওন ধামরাইয়ের একটি টেক্সটাইল কোম্পানিতে চালক হিসেবে কাজ করার সময় বাদলের সঙ্গে পরিচিত হন। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন শাওন মোবাইল ফোনে বাদলের সঙ্গে যোগাযোগ করেন। এক তরুণীকে সঙ্গে নিয়ে যৌন সম্পর্কের বিষয়ে কথা হলে বাদল তাঁকে বাসায় আসতে বলেন।

পিবিআইয়ের তথ্যমতে, ২০২১ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শাওন আশুলিয়ার এনায়েতপুর দক্ষিণপাড়ায় মোর্শেদের ভাড়া বাসায় যান। সেখানে ওই তরুণীকে না পেয়ে কারণ জানতে চাইলে বাদল নিজেই শাওনকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। শাওন তা প্রত্যাখ্যান করলে বাদল তাঁর শার্টের পকেট থেকে ৩ হাজার টাকা নিয়ে নেন। পাশাপাশি তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে অথবা বাসা থেকে আরও ৫ হাজার টাকা এনে দিতে বলেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে শাওন বাদলের ঘাড়ের বাঁ পাশে ঘুষি মারলে তিনি খাটের ওপর পড়ে যান। পরে শাওন তাঁর গলায় গামছা পেঁচিয়ে এবং মুখে বালিশ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, আদালতের নির্দেশে অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত