আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশে। আসন্ন তিন ম্যাচের সিরিজে সেই ধারাবাহিকতা দেখাতে চাইবে। যা মোটেও সহজ হবে না বলে জানালেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইংল্যান্ডে আইরিশরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করবে। তার চেয়েও হাবিবুলকে ভাবনায় ফেলছে কন্ডিশন। বাংলাদেশ সবশেষ ইংল্যান্ডে খেলেছিল ২০১৯ বিশ্বকাপে। এরপর এই প্রথম। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাও কঠিন চ্যালেঞ্জের হবে তামিমদের জন্য।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ভালো উপায় অনুশীলন ম্যাচ। বাংলাদেশেরও এই সফরে অনুশীলন ম্যাচ ছিল ৫ মে। কিন্তু বৃষ্টিতে তা ভেস্তে যাওয়ায় ম্যাচ অনুশীলন করতে পারেননি তামিমরা। তবে অনুশীলন সেশন হয়েছে নিয়মিত। গতকাল অনুশীলন থেকেও বিশ্রাম নিয়েছে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচ না খেললেও ৫ মে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এতে পুরো বাংলাদেশ দল সিরিজের আগে একত্র হলো। তবে হাবিবুলের আক্ষেপ দল হিসেবে অনুশীলন ম্যাচটি না হওয়ায়, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে খুব ভালো হতো। যদিও প্র্যাকটিস করার কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন। যদি জুলাই-আগস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের ফেভারে থাকত। আমরা সবসময় ওই সময় ইংল্যান্ডে ভালো খেলি। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু সফট থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’
