রাজধানীর মতিঝিলের রাজউক অ্যাভিনিউয়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে প্রতিষ্ঠানটির পরিচালকসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন। ভাঙচুর চালিয়ে ধারালো অস্ত্রধারীরা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় হকার্স সমিতির পরিচালক নুরের জামান মতিঝিল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। হামলায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোÑ সারোয়ার হোসেন, তৈয়াব হোসেন লাভলু, শফি উল্লাহ, শামীম হোসেন, হাফিজুর রহমান, জিয়া উদ্দিন বাবলু, আহসান উল্লাহ, আল আমিন, আব্বাস সিকদার, কাশেম সিকদার, আরিফুল ইসলাম অপু ও সেজান ইমরান পিয়াস।
গত শুক্রবার সকালের ওই হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, পত্রপত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি। তারা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।
মামলার বাদী জানান, বহিরাগত সন্ত্রাসী সারোয়ার হোসেন ওরফে কালো সারোয়ার, আবুল কাশেম, মো. শফি, নুরুল হুদা ও ভাসানীর নেতৃত্বে ৩০-৪০ জন তাদের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
