সাগরে আধিপত্য বিস্তারে পাকিস্তানে মনোযোগী চীন

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:৩৮ পিএম

পাকিস্তান সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে চায় চীন। চীনা প্রতিরক্ষামন্ত্রী গতকাল সোমবার পাকিস্তানের নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী সোমবার পাকিস্তানের নৌবাহিনী প্রধানকে বলেন, এ অঞ্চলে নিরাপত্তা রক্ষায় দুই প্রতিবেশীর সক্ষমতা বাড়ানোর জন্য নৌবাহিনীসহ সামরিক বাহিনীকে ‘সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত’ করা উচিত। রয়টার্স বলছে, চীনের জন্য মালাক্কা প্রণালিতে সামুদ্রিক অবরোধের ক্ষেত্রে পাকিস্তান এবং আরব সাগরে দেশটির প্রবেশাধিকার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ২০১৭ সালে ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতিতে চীন তার প্রথম বিদেশি সামরিক ঘাঁটি চালু করার পর এ অঞ্চলে চীনা আগ্রহ প্রতিবেশী ভারতের উদ্বেগকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। এ পরিস্থিতিতে বেইজিং সফরে গেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান আমজাদ খান নিয়াজি। চীনা অর্থায়নে পাকিস্তানের গোয়াদারে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হয়েছে। তবে পাকিস্তানের এ কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরে চীনের সামরিকভাবে প্রবেশাধিকার চেয়েছে কি না তা স্পষ্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত