মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মিরেশ্বরাইয়ে দাখিল পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মাহমুদুল হাসান (১৭)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরেশ্বরাই গ্রামের পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। মাহমুদুল হাসান জেলার টঙ্গীবাড়ি উপজেলার আপরকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাসার জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থীরা কেন্দ্রের ভেতর প্রবেশ করে। প্রচন্ড গরমে কিছুক্ষণ পরই পরীক্ষার্থী মাহমুদুল হাসান অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষক ও অভিভাবকরা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর বাবা আনোয়ার হোসেন জানান, তার ছেলে মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিল। এ সমস্যার কারণে তার চিকিৎসা চলছিল।
