‘মোখা’র প্রভাব নেই মোংলায়

আপডেট : ১৩ মে ২০২৩, ১১:৫২ এএম

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কোন প্রভাব এখনও পর্যন্ত পড়েনি মোংলা বন্দরে।

শনিবার (১৩ মে) সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও রয়েছে সূর্যের খরতাপ। রোদ-মেঘে অনেকটা গুমোট আবহাওয়া বিরাজ করছে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকাজুড়ে। তবে উপকূলের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এখনও পর্যন্ত মোংলা বন্দরে মোখা'র কোন প্রভাব পড়েনি। আকাশ মেঘলা থাকার পাশাপাশি দুই এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে রোববার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাতেই চলমান তাপপ্রবাহ কমে আসবে বলে জানান তিনি।

এদিকে, শুক্রবার বিকেলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারির পর মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কাজে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদেরকে সন্ধ্যায় নামিয়ে আনা হয়েছে। ফলে জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন শনিবার সকালে বলেন, জাহাজের কাজ বন্ধ রয়েছে, ঝড় শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বন্দর কর্তৃপক্ষের (বোর্ড ও জনসংযোগ বিভাগ) উপ-সচিব মো. মাকরুজ্জামান বলেন, বন্দরের নিজস্ব এলার্ট- ২ জারি রয়েছে, এলার্ট- ৩ জারি করা হলে বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, যদিও ঘূর্ণিঝড় মোখা আমাদের এদিকে আঘাত হানার তেমন সম্ভাবনা নেই, তারপরও আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। আশ্রয় কেন্দ্র প্রস্তুত, খাবার ও ওষুধ মজুদ করা হয়েছে। আর শুক্রবার বিকেল থেকেই অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং প্রচারণা চালিয়ে জনসাধারণকে সতর্কীকরণের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত