নরসিংদীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৪ মে ২০২৩, ১০:৩৪ পিএম

নরসিংদীর পলাশে রাজন (১৫) নামে এক কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় পিটুনিতে আহত হয়েছেন ইয়াছিন নামে আরেক কিশোর। গত শনিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইসা গ্রামে এ ঘটনা ঘটে। অন্যদিকে গতকাল রবিবার জেলার মাধবদীর পৃথক স্থান থেকে এক কিশোর ও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

পলাশ উপজেলায় নিহত রাজন চরপাড়া গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৩টার দিকে রাজন ও ইয়াছিনকে পাইকসা গ্রামে এরশাদ ওরফে খুকু মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোর সন্দেহে দুজনকে বেধড়ক পিটিয়ে আহত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের পরিত্যক্ত আশরাফ টেক্সটাইল মিলের ঝোপে ফেলে রাখে। রবিবার সকালে এলাকাবাসী রাজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায় এবং আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করলে এরশাদ পালিয়ে যায়।

নিহতের স্বজনরা জানায়, অভিযুক্ত এরশাদ একজন মাদক ব্যবসায়ী। এই ব্যবসার জের ধরে প্রায়ই কিশোরদের রাস্তা থেকে ধরে এনে মারধর করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াছ বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

এদিকে জেলার মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ইমন মিয়া (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে পাইকারচর ইউনিয়নের চর ভাসানিয়া এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শনিবার দুপুরে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে ইমন নিখোঁজ হয়। ইমন মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের কামাল মিয়ার ছেলে।

একইদিন সকালে পাইকারচর ইউনিয়নের উত্তর চর ভাসানিয়া গ্রামের মেঘনা নদী থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত