ঘূর্ণিঝড় মোখা আঘাত আনার এক সপ্তাহ পর মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পেতে চলেছে ক্ষতিগ্রস্তরা। এতদিন জান্তা সরকারের অনুমতি না পাওয়ায় সেখানে সাহায্য দিতে পারেনি জাতিসংঘ। রবিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, রাখাইনে সাহায্য কর্মীদের প্রবেশে সৃষ্ট অচলাবস্থা শিথিল হতে শুরু করেছে। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছে।
জাতিসংঘ বলছে, রাখাইনে ক্ষতিগ্রস্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো শুরু হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের জন্য জরুরি খাদ্য, ওষুধ ও আশ্রয়ের প্রয়োজন। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে পরিস্থিতি অনেক নাজুক।
গত ১৪ মে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে মিয়ানমার উপকূলে আছড়ে পড়ে মোখা, যা দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলো মধ্যে একটি। এতে জান্তারা শতাধিক নিহতের তথ্য স্বীকার করলেও মিয়ানমারের ছায়া সরকার ন্যাশনাল ইউনিটির মতে, চার শতাধিক বাসিন্দা নিহত হয়েছে মোখায়। তবে বন্যা, অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থা ও প্রবেশের অনুমতি না থাকায় প্রকৃত সংখ্যা ও ক্ষতির সঠিক পরিমাণ জানা কঠিন।
