আইপিএল ২০২৩-এর লিগ পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফ রাউন্ড। প্রথম কোয়ালিফায়ারে আজ এম চিদামবরাম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স। লিগ পর্বে গুজরাট এক, চেন্নাই দুইয়ে থেকে শেষ করে।
লিগ টেবিলে শীর্ষ দুইয়ে থাকার সুবিধাটা হলো প্রথম কোয়ালিফায়ার হারলেও আরেকটি সুযোগ পাওয়া যায়। তবে আজ চেন্নাই অধিনায়ক ধোনি বা গুজরাটের হার্দিক পান্ডিয়া দুজনই চাইবেন এ ম্যাচ জিতে ফাইনালে উঠতে। গুজরাটের সামনে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার সুযোগ। গেলবারও লিগ টেবিলে শীর্ষে ছিল গুজরাট। সেবার গুজরাট প্রথম কোয়ালিফায়ার জিতে উঠেছিল ফাইনালে। এবার গুজরাটের প্রতিপক্ষ চেন্নাই। ধোনির দল আইপিএলে অন্যতম সফল। চারবারের চ্যাম্পিয়ন তারা। ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স গেলবার প্রথম খেলতে নেমেই জিতেছিল শিরোপা। এর আগে আইপিএলে দুই বছর গুজরাটের প্রতিনিধিত্ব করা ফ্র্যাঞ্চাইজির নাম ছিল গুজরাট লায়ন্স।
এবারের আইপিএলে লিগ পর্বে ১৪ ম্যাচের ১০টি জিতেছে গুজরাট টাইটান্স। চেন্নাই হেরেছে ৫টি, তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। গুজরাট ২০ পয়েন্টে শীর্ষে, চেন্নাই ১৭ পয়েন্টে দুইয়ে লিগ টেবিল শেষ করে।
এবার চেন্নাই ও গুজরাট একই গ্রুপে থাকায় লিগ পর্বে তাদের খেলা হয়েছে একবারই। সেটি ছিল আহমেদাবাদে আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচ। ম্যাচে ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জেতে গুজরাট টাইটান্স। গেল আসরে গুজরাটের সঙ্গে চেন্নাইয়ের দেখা হয়েছিল দুবার। সেই দুই ম্যাচও জিতেছিল গুজরাট।
আজ খেলা চেন্নাইয়ের ঘরের মাঠে। তাই সমর্থকদের পাশে পাবেন ধোনিরা। মহেন্দ্র সিং ধোনি এবারই শেষ আইপিএল খেলছেন, নাকি পরের বারও খেলবেন তা এখনো নিশ্চিত নয়। তবে ধোনির যে আলাদা ফ্যান আছে তা সবারই জানা। তাই তো ধোনি ব্যাট করতে নামলে তার নাম ধরে চিৎকার করা হয়। সেই সময়টাতে ডিজিটালে ভিউয়ারশিপ বেড়ে যায়।
গুজরাটের হয়ে দারুণ ফর্মে আছেন শুভমান গিল। লিগ পর্বের সবশেষ ম্যাচে রবিবার বেঙ্গালুরুর বিপক্ষে গিল করেছেন ৫২ বলে অপরাজিত ১০৪ রান। এবারের আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। গিল ৬৮০ রান করে এবারের আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
প্রথম কোয়ালিফায়ার নিয়ে গিল বলেন, ‘এটা রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। চেন্নাইয়ে চেন্নাইর বিপক্ষে খেলা। আমাদের দারুণ বোলিং আক্রমণ আছে। আশা করছি আমরা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলব।’
বোলারদের পারফরম্যান্স টেবিলেও দাপট গুজরাটের। সমান ২৪টি করে উইকেট মোহামদ শামি ও রশিদ খানের। চেন্নাইয়ের হয়ে এবার ১৩ ইনিংসে ৫৮৫ রান করেছেন ডেভন কনওয়ে। এ ছাড়া রুতুরাজ গায়কোয়াড়ও আছেন ফর্মে। তাই ম্যাচটা দারুণ হবে সে আশা করাই যায়।
