রংপুরে রাতের আঁধারে বুলডোজার দিয়ে একটি গোডাউন ঘর ভেঙে অন্যের জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার মধ্যরাতে নগরীর উত্তর হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার পাহাড়ী এলপিজি ফিলিং স্টেশনের মালিক আবদুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ। ঘটনার পর সেই জমিতে তিনি নিজ নামের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এ ঘটনায় আবদুর রহমানকে প্রধান আসামি করে গতকাল মঙ্গলবার দুপুরে জমির প্রকৃত মালিক ফারুক আজম সোবহান হাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ৯ বছর আগে রংপুর-তারাগঞ্জ পাকা সড়কের পাশে নগরীর হাজিরহাট এলাকায় সাড়ে ৭ শতকের ওই জমি ক্রয় করেন ফারুক আজম সোবহান। সেখানে গোডাউন ঘর নির্মাণ করে তিনি ভোগদখল করে আসছেন। কিন্তু সেই জমির দখলিস্বত্ব দাবি করে পাশের পাম্প মালিক আবদুর রহমান ছয় বছর আগে আদালতে মামলা দায়ের করেন। গত রবিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।
ফারুক আজম সোবহান বলেন, ‘আমি জমিটি এলাকার সাবেক মেম্বার আমিনুল ও তার ভাইদের কাছ থেকে কিনে সেখানে গোডাউন ঘর নির্মাণ করি। পরে সেই জমি নিজের দাবি করে আদালতে নারাজি দেন আব্দুর রহমান। গত রবিবার আদালত তার নারাজি খারিজ করে দেয়। খারিজের পরদিন আবদুর রহমান রাতের আঁধারে সাঙ্গপাঙ্গ নিয়ে আমার গোডাউন ঘর বুলডোজার দিয়ে ভেঙে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।’
সাবেক মেম্বার আমিনুল বলেন, ‘আমরা তিন ভাই ৯ বছর আগে জমিটি ফারুকের কাছে বিক্রি করেছি। গত সোমবার রাতে শব্দ শুনে রাস্তায় বের হয়ে দেখি প্রায় ২৫-৩০ জন লোক গোডাউন ভেঙে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে।’
সূত্রমতে, মামলা খারিজের পর আবদুর রহমান গত সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় একটি আবেদন করেন। তার পরিপ্রেক্ষিতে আদালত নালিশি ভূমিতে বর্তমান দখলদারের দখল অক্ষুণœ রেখে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কোনো শান্তিভঙ্গ না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাজিরহাট থানাকে নির্দেশ দেয়। এমন অবস্থায় রাতারাতি জমির বর্তমান দখলদার হওয়ার জন্য আবদুর রহমান ভাঙচুর করে জমিতে নিজের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। কিন্তু খবর পেয়ে জমির মূল মালিক সকালে ঘটনাস্থলে গিয়ে জমি তাদের দখলে নিলে তার পরিকল্পনা ভেস্তে যায়।
এ বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও আবদুর রহমানকে পাওয়া যায়নি।
হাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম সর্দার বলেন, ‘সরেজমিনে তদন্ত করে বাদীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
