আমীর খসরু বললেন

গাজীপুরে সুষ্ঠু ভোট করতে সরকার বাধ্য হয়েছে

আপডেট : ২৭ মে ২০২৩, ০৬:৩৩ এএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গাজীপুরের নির্বাচন নিয়ে অনেক কথা বলা যাবে। তবে সরকারকে একটা সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে, তারা সেটার চেষ্টা করেছে। ওই চেষ্টার ফলাফল আমরা দেখে ফেলেছি। তার মাধ্যমে কী উঠে এসেছে আমরা দেখেছি সবাই। এটাই হচ্ছে বাংলাদেশের আসল চিত্র।’

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই। বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য যারা নির্বাচনে অংশগ্রহণের কথা বলছে, তারা লেভেল প্লেয়িং ফিল্ড ও গণতান্ত্রিক অধিকার ছাড়া নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা এ সরকারের পক্ষে কাজ করছে। এসবে কাজ হবে না।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে গণমাধ্যমের দায়িত্ব ও নির্বাচন সুষ্ঠু করার কথা বলা হয়েছে। তার মানে হলো, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা কোনোটিই অর্জন সম্ভব নয়।’ অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে দেশে গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা অবশিষ্ট আছে, তা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দমন করছে সরকার। সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদনের মধ্যে এমন কিছু আছে, যা প্রকাশ করতে ভয় পায় সরকার। এজন্য এখন পর্যন্ত ৯৮ বার তদন্ত প্রতিবেদক জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে র‌্যাব।’

এদিকে লক্ষ্মীপুরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে দেশ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এ ফ্যাসিস্ট সরকারকে হঠাতে হবে। আর এ জন্যই বিএনপি নেতাকর্মীদের কঠিন আন্দোলনে নামতে হবে। প্রয়োজনে নেতাকর্মীদের জীবন দিতে হবে। শুক্রবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে বশির ভিলার সামনে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত