মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে অনেককেই দেখবেন ভিন্ন ভিন্ন নিয়মে নামাজ আদায় করছে। অনেককে দেখবেন কোনোরকম হাত বাঁধা ছাড়াই নামাজ পড়ছে, বোঝা যায় না নামাজে দাঁড়িয়ে আছে নাকি এমনি দাঁড়িয়ে আছে। অনেককে দেখবেন সেন্ডেল পরে মসজিদে হাঁটছে, অনেককে দেখবেন নামাজের সামনে গিয়ে খুব সহজ স্বাভাবিকভাবে হেঁটে চলে যাচ্ছে, আপনি সেজদারত অবস্থায় আপনার ঘাড়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, উচ্চস্বরে কথা বলছে কিংবা কোরআন তেলাওয়াত করছে বা দোয়া করছে, মাতাফে তাওয়াফের সময় উচ্চ স্বরে দোয়া করছে, দলবেঁধে তাওয়াফ করছে, গায়ে গায়ে ধাক্কা লাগছে তাওয়াফের সময় বা নামাজের সময়, হাজরে আসওয়াদে চুমু খাওয়ার জন্য হুড়োহুড়ি করছে (এখন হাজরে আসওয়াদে চুমু দিতে দেয় না)। অনেককে দেখবেন কাবার দিকে পা মেলে বসে আছে কিংবা শুয়ে আছে, টুপি ছাড়া নামাজ পড়ছে। এ সব দেখে বিচলিত হবেন না কিংবা হাসাহাসি করবেন না, উপহাস করবেন না, ঝগড়া করবেন না বা মন খারাপ করবেন না। আপনি আপনার মতো ইবাদত-বন্দেগি ও আমল করতে থাকবেন।
সব জায়গায় ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন, বিশেষ করে পবিত্র কাবা ঘরের সামনে তাওয়াফের সময় কোনো নামাজ শুরু হলে অনেক বিশৃঙ্খলা শুরু করে হাজি, এ সময় মহিলারা খুব বিপদে পড়ে যান ধাক্কাধাক্কির মধ্যে।
