কোহলিকে ছাড়াতে পারলেন না গিল

আপডেট : ২৯ মে ২০২৩, ০৮:৫৫ পিএম

ফাইনালে শুভমন গিলের ঝড় দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। হালকা ঝলক শুরুও করেছিলেন। তবে থেমে গেছেন মাঝপথেই। আইপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে ৩৯ রানেই আউট এই ওপেনার। এই রানে জস বাটলারকে ছাড়িয়ে গেলেও, ছাড়াতে পারেননি বিরাট কোহলিকে।

আইপিএলের এই মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন গুজরাট টাইটানসের ওপেনার শুভমান। তার ব্যাটে রানের ফোয়ারা ছুটেছিল। হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। কমলা রংয়ের টুপিটা উঠছে তার মাথাতেই। তবে তার সামনে দুটো সুযোগ ছিল। এক মৌসুমে সর্বোচ্চ রানের দুটি রেকর্ড।

টুর্নামেন্টের গত আসরের রানার্সআপ দল রাজস্থান রয়্যালসের উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার চারটি শতক হাঁকিয়েছিলেন। করেছেন ৮৬৩ রান। গিল এবার তিনটি শতক হাকিয়েই ছাড়িয়ে গেছেন তাকে। তার বর্তমান রান ৮৯০। কিন্তু সুযোগ ছিল ৪ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার তবে সেটা আর হয়নি।

আজ ফাইনালে শতক হাকালে ছুঁয়ে ফেলতেন বিরাট কোহলিকেও। এক আসরে তিনিও সর্বোচ্চ ৪টি শতকের দেখা পেয়েছিলেন। সেই আসরে তিনি করেছিলেন ৯৭৩ রান। তবে এবার সুযোগ ছিল তার দুটি রেকর্ডই ছাড়িয়ে যাবার। শুভমান গিল সেই পথেই হাটছিলেন। কিন্তু ফাইনালে এসে সেই চাপটা যেন আর নিতে পারলেন না।

রবীন্দ্র জাদেজার করা ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে তিনি ধোনির স্টাম্পিংয়ের শিকার হন। তাতেই থেমে যায় কোহলিকে ছাড়িয়ে যাওয়ার গিল রথ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত