ময়মনসিংহের ভালুকায় এক মুক্তিযোদ্ধার সন্তান ও সাবেক যুবলীগ নেতাকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে ভালুকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মনিরুজ্জামান মনির -এর প্রতিবাদ জানান। তিনি উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনির বলেন, উপজেলার পাড়াগাঁও মৌজায় একটি কোম্পানির জমি ক্রয় করে দেই। ওই জমির পাশে সফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ৩১ শতক জমি আমাদের কাছে বিক্রয়ের জন্য ২২ লক্ষ টাকা বায়না নেন। কিন্তু সে জমি রেজিস্ট্রি করে না দিয়ে জেলা প্রশাসক, বন বিভাগ ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছেন। এমন কী মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতিসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, শফিকুল ইসলাম, নূর মোহাম্মদ সিদ্দিকি (টিপু), আমির হোসেন, নাঈম সরকার ও আবদুর রউফসহ সঙ্গবদ্ধ একটি চক্র আমার কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা না দেওয়ায় বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে।’
